
গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা অমূল্য চন্দ্র দাসকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে প্রাথমিক যাচাই ও জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে নাশকতা বা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তথ্য-প্রমাণ না পাওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) পূবাইল এলাকায় অভিযান চালিয়ে গাজীপুর মহানগর ডিবির দক্ষিণ বিভাগের একটি বিশেষ দল অমূল্য চন্দ্র দাসকে আটক করে।
অমূল্য চন্দ্র দাস গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, তিনি পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থীও ছিলেন।
ডিবি সূত্র জানায়, একটি মামলার তদন্তের ধারাবাহিকতায় অমূল্য চন্দ্র দাসকে আটক করা হয়। আটকের পর তার রাজনৈতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই করা হয়। তবে তাকে কোনো নির্দিষ্ট অভিযোগে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি।
এদিকে অমূল্য চন্দ্র দাসকে আটকের পর তাকে ছাড়িয়ে নিতে একজন সংসদ সদস্য পুলিশকে ফোন করেছেন বলে রাজনৈতিক ও স্থানীয় সূত্রে আলোচনা রয়েছে। ওই ফোনালাপে অমূল্যকে ‘নিজের লোক’ হিসেবে দাবি করা হয়েছে বলেও জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সংসদ সদস্যের বক্তব্য পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. তাহেরুল হক চৌহান অমূল্য চন্দ্র দাসকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক যাচাইয়ে তার বিরুদ্ধে কোনো নাশকতা বা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। সার্বিক বিষয় বিবেচনা করে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’
তবে তাকে ছাড়াতে সংসদ সদস্যের ফোন করার বিষয়টি পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেননি। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।