
গাজীপুরের কালিয়াকৈরে পেশাগত দায়িত্ব পালনের সময় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছেন সাংবাদিক স্বপন চন্দ্র দাস (৫৫)। তিনি জাতীয় দৈনিক নববাণী পত্রিকার গাজীপুর জেলা অ্যাম্বাসেডর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর দেওয়া আবেদনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত অভিযোগে স্বপন চন্দ্র দাস উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তথ্য সংগ্রহের জন্য তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার একটি আবাসিক হোটেলে যান। সেখানে শাহজাহান (৪০) নামে একজন ব্যক্তি ও তার এক সহযোগী তাকে টাকা নেওয়ার অনুরোধ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
আবেদনে বলা হয়, টাকা নিতে অস্বীকৃতি জানানোর পর ওই ব্যক্তি তার সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন এবং একপর্যায়ে খুন ও জখমের হুমকি দেন বলে অভিযোগ করেছেন সাংবাদিক স্বপন চন্দ্র দাস।
এ ছাড়া পরে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে তাকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগে উল্লেখ করেন।
লিখিত আবেদনে নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।