ক্রাইম রিপোর্টার রাব্বি হোসেন (রবিন)
গাজীপুরের শ্রীপুর উপজেলার আকতাপাড়া এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিককে অবরুদ্ধ, মানহানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা পরিচয়দানকারী মাসুদ রানা ওরফে মাসুম রানার বিরুদ্ধে।
অভিযোগের শিকার সাংবাদিকরা হলেন—আমির আলী, সাদিকুল ইসলাম ও আব্দুল আল মামুন। তারা জানান, আকতাপাড়া এলাকায় জমি দখল ও বিভিন্ন অনিয়মের অভিযোগের তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাই করতে গেলে মাসুদ রানা ও তার অনুসারীরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলেন।
সাংবাদিকদের অভিযোগ, এ সময় তাদের পরিচয় ও পেশাগত কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় এবং একপর্যায়ে তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এছাড়া তাদের নিয়ে মানহানিকর মন্তব্য করার পাশাপাশি ভবিষ্যতে ওই এলাকায় আবার দেখা গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী সাংবাদিকদের দাবি, কোনো অভিযোগের সত্যতা যাচাই করতে সংবাদকর্মীরা তথ্য সংগ্রহ করবেন—এটাই স্বাভাবিক সাংবাদিকতার অংশ। কিন্তু পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।
স্থানীয় সূত্রে জানা যায়, আকতাপাড়া এলাকায় জমি দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করছিলেন। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের অংশ হিসেবেই তারা ঘটনাস্থলে যান। এ সময় তাদের সঙ্গে মাসুদ রানা ও তার সহযোগীদের বাকবিতণ্ডার সৃষ্টি হয় বলে অভিযোগ রয়েছে।
সাংবাদিকরা বলেন, প্রশাসন ও গণমাধ্যমের নিজস্ব সোর্স বা তথ্যসূত্রের মাধ্যমে অপরাধ ও অনিয়মের খবর সংগ্রহ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। তবে তথ্য সংগ্রহের কারণে কোনো সংবাদকর্মীকে অবরুদ্ধ করা, হুমকি দেওয়া বা তার পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ঘটনায় সাংবাদিকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে মাসুদ রানা ও তার অনুসারীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মীরা।


