জোবায়ের হোসেন ইফতি :
গাজীপুর মহানগরের বাসন থানাধীন জাজর এলাকায় প্রশাসনের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে চোরাই তেলের ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে মোরসালিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের বিভিন্ন ব্যক্তির নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে তেলের অবৈধ ব্যবসা চালিয়ে আসছেন তিনি।
অভিযোগ রয়েছে, বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা চোরাই তেল জাজর এলাকার নির্দিষ্ট স্থানে এনে মজুত ও বিক্রি করা হচ্ছে। এ ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে এলাকায় তেল কেনাবেচার এমন কার্যক্রম চলে আসছে। এ বিষয়ে প্রশাসনের নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।
তবে মোরসালিনের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং এ ব্যবসার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্তের বিষয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাঃ হারুন অর রশিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “প্রশাসনের নাম ভাঙিয়ে কেউ ব্যবসা করলে তাকে ছাড় দেওয়া হবে না।”
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অভিযোগের বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের প্রত্যাশা, জাজর এলাকায় চোরাই তেল কেনাবেচার অভিযোগ খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসনের নাম ব্যবহার করে কেউ যাতে অবৈধ সুবিধা নিতে না পারে, সে বিষয়ে নজরদারি বাড়ানো হবে।


