জোবায়ের হোসেন ইফতি
গাজীপুর মহানগরীর কাশিমপুরে অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই পরিচালিত দুটি চীনা মালিকানাধীন ব্যাটারি কারখানায় পৃথক অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ব্যাটারি উৎপাদন ও বাজারজাতসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা এনএসআই, গাজীপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে কাশিমপুর থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
প্রথমে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাশিমপুর থানার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পানিশাইল এলাকায় ‘টংগুইদা’ নামের একটি চীনা মালিকানাধীন ব্যাটারি কারখানায় অভিযান চালানো হয়। জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে কারখানাটিতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ব্যাটারি উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(২৭) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪০, ২৪ ও ৫৫ ধারায় আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়। ফলে প্রথম কারখানাটির কাছ থেকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরে বিকেল ৪টা ১৫ মিনিট থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত একই থানার ১ নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকায় ‘টাইগার ব্যাটারী’ নামের আরেকটি চীনা মালিকানাধীন কারখানায় অভিযান চালানো হয়। সেখানে প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র ছাড়াই কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দুটি পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালত সর্বমোট ২ লাখ টাকা জরিমানা আদায় করে।
প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, প্রয়োজনীয় অনুমোদন ও আইনগত কাগজপত্র ছাড়া ব্যাটারি উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য, পণ্যের মান ও আইনগত অনুমোদন নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নজরদারির আওতায় রাখা হচ্ছে।


