আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা-চৌরাস্তা এলাকায় যানজট নিরসনে ১০০ জন স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়েছে মোল্লা মানবতা ফাউন্ডেশন। শুক্রবার বিকেলে এ কার্যক্রম পরিদর্শনে আসেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। তিনি চান্দনা-চৌরাস্তা এলাকায় স্বেচ্ছাসেবীদের কার্যক্রম ঘুরে দেখেন এবং যাত্রীসেবামূলক উদ্যোগের প্রশংসা করেন।“ মানবতার হাত বাড়াই, মানুষের পাশে দাঁড়াই” এই স্লোগানকে সামনে রেখে সামাজিক ও মানবিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে মোল্লা মানবতা ফাউন্ডেশন। সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আব্দুল হালিম মোল্লা জানান, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বাড়ে এবং চান্দনা-চৌরাস্তা এলাকায় প্রায়ই তীব্র যানজট সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ জন স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, স্বেচ্ছাসেবীরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করার পাশাপাশি যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেবে এবং শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সহযোগিতা করবে। পরিদর্শনকালে শওকত হোসেন সরকার বলেন, চান্দনা-চৌরাস্তার যানজট নিরসন এবং সাধারণ মানুষকে ভোগান্তি থেকে মুক্ত রাখতে হালিম মোল্লার নেতৃত্বে ১০০ জন স্বেচ্ছাসেবী কাজ করছে, যা প্রশংসনীয় উদ্যোগ। তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি কিংবা অতিরিক্ত বাসভাড়া আদায় করা যাবে না। এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশন কঠোর অবস্থানে রয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ঈদে চান্দনা-চৌরাস্তা এলাকা দিয়ে উত্তরবঙ্গগামী মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ আজাদ সহ ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।