গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের বাসন থানাধীন ইটাহাটা এলাকায় নামাজে যাওয়ার পথে এক ব্যক্তির ওপর হামলা, মারধর ও টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কাজী মকসুদুর রহমান বাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৫ জুলাই ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে ইটাহাটা এলাকার একটি দোকানের সামনে পৌঁছালে পূর্ববিরোধের জেরে স্থানীয় মো. গোলাম কিবরিয়া ফরহাদ (৫৫) তার ওপর হামলা চালান। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত লোহার রড দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
ভুক্তভোগীর দাবি, হামলায় তার মাথা ফেটে গুরুতর রক্তাক্ত জখম হয়। এ সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং তার ব্যবহৃত প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ও ১৭ হাজার টাকা নগদ নিয়ে নেওয়া হয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক তার মাথায় ৮টি সেলাই দেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে ভুক্তভোগী বাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


